দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভ্রমণের সুযোগ পেলেই দেশের এক জেলা থেকে অন্য জেলায় ছুটে যান অনেকেই। তবে ঘুরে আসা জেলার সংখ্যা কত, কোন কোন জেলা দেখা হয়েছে আর কোনগুলো এখনো বাকি—এসবের হিসাব এবার রাখা যাবে অনলাইন ভ্রমণ ম্যাপে।
নিজের ঘুরে দেখা জেলার তালিকা দিয়ে সহজেই তৈরি করা যাবে বাংলাদেশের একটি ব্যক্তিগত ভ্রমণ ম্যাপ। ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিনের তৈরি এই ম্যাপটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
অনেকেই নিজেদের ভ্রমণ ম্যাপ তৈরি করে সেটির ছবি ফেসবুক টাইমলাইনে প্রকাশ করছেন। এতে কোন কোন জেলায় ঘোরা হয়েছে এবং কোন জেলাগুলো এখনো বাকি, তা এক নজরেই দেখা যাচ্ছে।
যেভাবে তৈরি করবেন ভ্রমণ ম্যাপ
ভ্রমণ ম্যাপ তৈরি করতে প্রথমে unseenbangladesh.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে বাংলাদেশের আট বিভাগের ৬৪ জেলার নামসহ একটি মানচিত্র পাওয়া যাবে।
যেসব জেলায় ইতোমধ্যে ঘুরেছেন, সেগুলো নির্বাচন করতে হবে। চাইলে তালিকা থেকে জেলার নাম ক্লিক করে বেছে নেওয়া যাবে। আবার সরাসরি মানচিত্রে থাকা জেলার ওপর ক্লিক করেও নির্বাচন করা সম্ভব।
কোনো নির্দিষ্ট জেলা খুঁজে নিতে চাইলে জেলার নাম লিখে সার্চ করার সুবিধাও রয়েছে। যতগুলো জেলা নির্বাচন করবেন, ম্যাপে তার মোট সংখ্যাও দেখানো হবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ১০টি জেলা ঘুরে থাকলে ভ্রমণের হিসাব দেখাবে ১০/৬৪।
একসঙ্গে সব জেলা নির্বাচন করতে রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আর নতুন করে হিসাব শুরু করতে চাইলে ব্যবহার করা যাবে ‘সব মুছুন’ অপশন। এভাবেই কয়েকটি ক্লিকের মাধ্যমে তৈরি করে নেওয়া যাবে নিজের বাংলাদেশের ভ্রমণচিত্র।
পছন্দমতো থিম ও ছবি যোগ
ভ্রমণ ম্যাপে রয়েছে পাঁচ ধরনের থিম। পছন্দ অনুযায়ী যেকোনো একটি থিম বেছে নিয়ে ম্যাপের চেহারা পরিবর্তন করা যাবে। নিজের পছন্দের রঙের থিমে সাজিয়ে নেওয়ার পাশাপাশি ম্যাপের সঙ্গে ছবিও যুক্ত করা যাবে।
এ ছাড়া ম্যাপে নিজের নাম লেখার সুবিধাও রয়েছে। নাম যোগ করা বাধ্যতামূলক নয়। নাম লিখলে সেটি ম্যাপের ওপর দেখা যাবে। আর নাম না দিলে সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।
যেভাবে ম্যাপ ডাউনলোড করবেন
নিজের পছন্দ অনুযায়ী ম্যাপটি সাজানো হয়ে গেলে পেজের একেবারে নিচে যেতে হবে। সেখানে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশনে ক্লিক করে ম্যাপটি পিএনজি, জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করা যাবে।
এমএস/